কমলপুর মহারাণী হাই স্কুলে শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের পথ অবরোধে সামিল।
কমলপুর, ১৪ই জুলাই: উত্তর ত্রিপুরার কমলপুর মহারাণী হাই স্কুলের এক শিক্ষককে বদলির সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে সামিল হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন তারা কমলপুর–আমবাসা সড়ক অবরোধ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে পাঠদান করে আসছিলেন। হঠাৎ করে তাঁর বদলির সিদ্ধান্তে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করে। তাই বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে তারা সড়ক অবরোধের পথ বেছে নেয়। এছাড়া বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন শিক্ষর্থীরা।
আজকের এই সড়ক অবরোধের ফলে কমলপুর–আমবাসা সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয় এবং উভয় দিকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে। ছাত্রছাত্রীরা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়টি তারা বিবেচনা করবে। তবে এ বিষয়ে শিক্ষা দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ছাড়া ত্রিপুরায় শিক্ষাবেবস্তা দিন দিন ভেঙ্গে পড়ছে বলে অভিযোগ করেন পথ অবরোধে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকরা।