Home » Blog » অল্প বয়সে দুর্গাপ্রতিমা তৈরি

অল্প বয়সে দুর্গাপ্রতিমা তৈরি

অষ্টম শ্রেণির ছাত্রের হাতে দুর্গাপ্রতিমা, প্রতিভায় নজর কাড়ছে বাইখোড়ার শুভ্রজিৎ

by Mithun Bhowmik
0 comments 1 views
অল্প বয়সে দুর্গাপ্রতিমা তৈরি করে নজির বাইখোড়ার শুভ্রজিতের

বর্তমান ডিজিটাল যুগে পড়াশোনার পাশাপাশি মাটির কাজের প্রতি আগ্রহ দেখিয়ে বিশেষ নজির গড়ল বাইখোড়ার জগন্নাথ পাড়ার বাসিন্দা শুভ্রজিৎ দাস। শিবশঙ্কর দাসের ছেলে শুভ্রজিৎ বর্তমানে কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। অল্প বয়সেই নিজের হাতে দুর্গাপ্রতিমা তৈরি করে স্থানীয় বাসিন্দাদের নজর কেড়েছে সে।

জানা গেছে, মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর প্রতি শুভ্রজিতের আগ্রহ দীর্ঘদিনের। এর আগে সে মাটি দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করেছিল। এবার পরিবারের সদস্য, আর্টের শিক্ষক এবং স্থানীয় এক মৃৎশিল্পীর সহযোগিতা ও অনুপ্রেরণায় তৈরি করেছে দেবী দুর্গার প্রতিমা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভ্রজিৎ জানায়, প্রতিমা তৈরি করা তার নেশা। পড়াশোনার পাশাপাশি সে এই কাজ চালিয়ে যেতে চায়। ভবিষ্যতে বড় অফিসার, চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার যা-ই হোক না কেন, মৃৎশিল্পের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা রয়েছে তার। এই কাজ করলে পড়াশোনার ক্ষতি হবে বলে কেউ কেউ মন্তব্য করলেও অনেকে তাকে উৎসাহ জুগিয়েছেন। বিশেষ করে পরিবারের সদস্য, আর্টের শিক্ষক এবং স্থানীয় এক মৃৎশিল্পী তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

স্থানীয় ওই মৃৎশিল্পী জানিয়েছেন, প্রয়োজন হলে প্রতিমা তৈরির জন্য মাটি ও অন্যান্য সামগ্রী দিয়ে শুভ্রজিৎকে সহযোগিতা করা হবে। শুভ্রজিতের তৈরি দুর্গাপ্রতিমা দিয়েই জগন্নাথ পাড়ায় পুজোর আয়োজন করা হবে বলে জানা গেছে।

কিশোর বয়সে পড়াশোনার পাশাপাশি ঐতিহ্যবাহী মৃৎশিল্পের প্রতি শুভ্রজিতের এই আগ্রহ এলাকায় প্রশংসা কুড়াচ্ছে। তার তৈরি দুর্গাপ্রতিমা দেখতে প্রতিদিনই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমছে। শুভ্রজিতের এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে লোকশিল্প ও সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়ানোর বার্তা দিচ্ছে

You may also like

Leave a Comment