Home » Blog » আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায়

আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায়

থলি বাড়ির ঘটনায় যাত্রাপুর পুলিশের তৃতীয় দফার ধরপাকড়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আশ্বাস ওসির

by Mithun Bhowmik
0 comments 1 views
আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় ধূপছড়া থেকে চারজন আটক

এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল গণনার দিন থলি বাড়িতে রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় ফের চারজনকে আটক করল যাত্রাপুর থানার পুলিশ। রবিবার, ১১ অক্টোবর রাতে ধূপছড়া পাড়া থেকে তাঁদের আটক করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে ধারাবাহিকভাবে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন সোনা মানিক ত্রিপুরা (২৯), বজেন্দ্র ত্রিপুরা (৩১), ভদ্র কুমার ত্রিপুরা (৩৮) এবং যাত্রাপদ ত্রিপুরা (৩৯)। তাঁদের প্রত্যেকের বাড়ি ধূপছড়া পাড়ায়। ১১ অক্টোবর রাত সাড়ে আটটা নাগাদ যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিকের নেতৃত্বে পুলিশ ও টিএসআর জওয়ানরা এলাকাটি ঘিরে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে তাঁদের যাত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়।

আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় এটি পুলিশের তৃতীয় দফার ধরপাকড় বলে জানা গেছে। যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, এই ঘটনাকে পুলিশ কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলায় নাম থাকা অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করতেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল গণনার দিন থলি বাড়িতে আইজির গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের চিহ্নিত করে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে যাত্রাপুর থানার পুলিশ। ওসির বক্তব্য অনুযায়ী, আটক চারজনকে সোমবার সোনামুড়া আদালতে পেশ করার কথা রয়েছে।

You may also like

Leave a Comment