Home » Blog » আট মাসের বিল বকেয়া

আট মাসের বিল বকেয়া

১০ অক্টোবরের মধ্যে পাওনা মেটানোর আশ্বাস পূরণ না হওয়ায় ক্ষোভ, BDO-র দু’দিনের প্রতিশ্রুতিতে আন্দোলন প্রত্যাহার

by Mithun Bhowmik
0 comments 2 views
সালেমা ব্লক অফিসে CSP-দের তালা ঝুলিয়ে আন্দোলন

দীর্ঘ আট মাস ধরে প্রাপ্য বিল বকেয়া থাকার অভিযোগে সোমবার, ১২ অক্টোবর, সালেমা ব্লক অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে নামলেন ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)-এর অধীনে কর্মরত CSP-রা। বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে তাঁদের এই আন্দোলনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ আট মাস ধরে দায়িত্ব পালন করলেও তাঁরা এখনও পর্যন্ত প্রাপ্য অর্থ পাননি। গত ১০ অক্টোবরের মধ্যে বকেয়া বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ১২ অক্টোবর পর্যন্ত টাকা না মেলায় তাঁদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এরপরই পাওনা আদায়ের দাবিতে ব্লক অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে বসেন তাঁরা।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বিল বকেয়া থাকায় তাঁরা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কাজ করার পরও প্রাপ্য অর্থ না পাওয়ায় দৈনন্দিন খরচ চালাতে অসুবিধা হচ্ছে বলে জানান তাঁরা। দ্রুত বকেয়া বিল মেটানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিও তোলেন আন্দোলনকারীরা।

এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর BDO আগামী দু’দিনের মধ্যে বকেয়া বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। তাঁর এই আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে নেন TRLM-এর অধীনে কর্মরত CSP-রা।

তবে BDO-র প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ মেটানো হয় কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট কর্মীদের।

You may also like

Leave a Comment