রেলপথে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পানিসাগর পুলিশ, ১৯ কেজি গাঁজাসহ ধৃত এক নেশা কারবারি
নিজস্ব প্রতিনিধি, পানিসাগর: রেলপথে গাঁজা পাচারের বড়সড় একটি প্রচেষ্টা ভেস্তে দিল পানিসাগর পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বপন নাথ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা থেকে আগত একটি ট্রেন পানিসাগর রেলস্টেশনে পৌঁছানোর পর সন্দেহভাজন ওই ব্যক্তিকে নজরে রাখা হয়। ট্রেন থেকে নামার পর তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হলে তার বহন করা ব্যাগ থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়।
অভিযানের সময় পানিসাগরের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজনের সামনেই ব্যাগ খুলে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং পরে তা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত স্বপন নাথ সিধাই মোহনপুর এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গাঁজাগুলি সংগ্রহ করে রেলপথে পানিসাগরে নিয়ে আসে। সেখান থেকে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল বলে তদন্তকারী আধিকারিকদের অনুমান।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। ঘটনার পর এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পানিসাগর পুলিশের এই সাফল্যে এলাকায় মাদকবিরোধী অভিযানে নতুন গতি এসেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।