বিধায়ক প্রমোদ রিয়াংয়ের খাস তালুকে থাবা তিপ্রা মথার, ৩৫ পরিবারের দলবদল
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার: ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের কাঁঠালিয়া ছড়া ভিলেজ পঞ্চায়েত পাড়ায় বড়সড় রাজনৈতিক ভাঙনের ঘটনা সামনে এসেছে। বিধায়ক প্রমোদ রিয়াংয়ের নিজের পাড়া বলে পরিচিত এলাকায় বিজেপি ও সিপিআইএম ছেড়ে ৩৫ পরিবারের ১৫৪ জন ভোটার তিপ্রা মথায় যোগদান করেছেন।
শনিবার মনি দেবনাথের বাড়িতে আয়োজিত এক উঠান সভায় তিপ্রা মথার দক্ষিণ জোনাল চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংয়ের হাত ধরে নবাগতরা দলে যোগ দেন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন এমডিসি কেনারাম রিয়াং, সেন্ট্রাল কমিটির সদস্য সেলিম মিয়া, সিনিয়র নেতা অজয় সাহা, চিত্ত দেববর্মা, প্রাক্তন ব্লক সভাপতি প্রতাপ রিয়াং, যুবনেতা রঞ্জু মজুমদারসহ অন্যান্য নেতারা।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার কর্মী-সমর্থকদের সঙ্গে বিধায়ক ও স্থানীয় নেতৃত্বের দূরত্ব তৈরি হওয়ায় এই দলবদলের ঘটনা ঘটেছে। অভিযোগ, এডিসি নির্বাচনের পর থেকে এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের খোঁজখবর নেওয়া হচ্ছে না। ফলে ক্ষোভ জমতে শুরু করে তৃণমূল স্তরে।
রাজনৈতিক মহলের মতে, বিধায়কের নিজ এলাকায় একসঙ্গে এত সংখ্যক পরিবারের দলত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে ৩৬ শান্তিরবাজার কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে হরেন্দ্র রিয়াং বলেন, “বিধায়কের নিজের এলাকার মানুষই আজ মুখ ফিরিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ তিপ্রা মথার পতাকাতলে এসে বুবাগ্রার হাত শক্ত করছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের সাংগঠনিক শক্তি ও জনভিত্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধায়কের নিজ এলাকায় এ ধরনের ভাঙন ভবিষ্যতের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।