অন্তদয় রেশনকার্ডধারী ৫ সদস্যের পরিবার নিয়ে ভঙ্গুর কুড়ে ঘরে বসবাস, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের আবেদন বিশ্বরাজ দেববর্মার
নিজস্ব প্রতিনিধি, সিমনা: আর্থিক অনটন আর মাথার ওপর নিরাপদ ছাদের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে সিমনা বিধানসভা এলাকার বাসিন্দা বিশ্বরাজ দেববর্মার। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি পাকা ঘরের সুবিধা পাওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
জানা গেছে, সিমনা বিধানসভার হেজামারা ব্লকের অন্তর্গত রুব্রীতুইসা এডিসি ভিলেজের দুগ্রাই এলাকার বাসিন্দা বিশ্বরাজ দেববর্মা একজন অন্তদয় রেশনকার্ডধারী। স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে তার পাঁচ সদস্যের পরিবার। দীর্ঘদিন ধরে একটি কুড়ে ঘরে বসবাস করলেও সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়-বৃষ্টিতে সেই ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ওই কুড়ে ঘরেই জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাতে হচ্ছে পরিবারটিকে। বর্ষাকালে ঘরের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিশ্বরাজ দেববর্মার অভিযোগ, আর্থিকভাবে অত্যন্ত দুর্বল হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তিনি সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পাননি। ফলে পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে হচ্ছে তাকে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বরাজ দেববর্মা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি পাকা ঘর প্রদানের জন্য সরকারের কাছে আবেদন জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
স্থানীয় বাসিন্দাদের একাংশও পরিবারটির দুরবস্থার কথা তুলে ধরে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। বর্তমানে নিরাপদ বাসস্থানের অপেক্ষায় দিন গুনছে বিশ্বরাজ দেববর্মার পরিবার।