এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান এলাকায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে দুই বছরের শিশু আকাশ তাঁতির। মৃত শিশু স্থানীয় বাসিন্দা বিজয় তাঁতির সন্তান। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় অন্য এক শিশু আকাশকে ধাক্কা দেয়। এতে মাটিতে পড়ে তার মাথায় আঘাত লাগে বলে দাবি পরিবারের। সেই সময় ঘটনাস্থলে ওই শিশুটির মা উপস্থিত থাকলেও আকাশের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়নি বলেও অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, পরবর্তীতে আকাশের মাথায় আঘাতের বিষয়টি জানতে পেরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন থাকার পর প্রায় ১৬ দিন পর তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
এদিকে, ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকাশের পরিবারের সদস্যরা ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় কারও দায় রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।