সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় মানুষের মর্যাদা কতটা পায়ের তলায় পিষে ফেলা যায়, ত্রিপুরার এক জনজাতি যুবককে নিয়ে সাম্প্রতিক ঘটনা আবার সেই প্রশ্নটা সামনে এনেছে। দিল্লিভিত্তিক এক কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভিডিওতে ত্রিপুরার এক যুবককে জাতিগত অবমাননা ও হেনস্থার শিকার হতে দেখা যায়, আর তা নিয়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটি প্রায় এক মাস আগে আহমেদাবাদে রেকর্ড করা হয়েছিল বলে অভিযোগ।
এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় প্রতিক্রিয়া ছিল তীব্র। সিপিআই(এম)-এর দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ, এবং টিপ্রামোথা-ঘনিষ্ঠ যুব টিপ্রা ফেডারেশন ও টিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন আগরতলায় পুলিশের কাছে আমির শোকিন এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এছাড়াও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসও এফআইআর দায়ের করে তার বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই ঘটনার তীব্র নিন্দা করেন। বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য কঠোরতম শাস্তির দাবি জানান। অর্থাৎ দল-মত নির্বিশেষে প্রায় সবাই একমত ছিলেন যে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। দিল্লি পুলিশ ২২ অক্টোবর করোলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে নিজেরাই স্বতঃপ্রণোদিত মামলা নেয়। দিল্লির আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠায়। ট্রানজিট রিমান্ডে ত্রিপুরা পুলিশের বিশেষ দল তাকে দিল্লি থেকে আগরতলায় নিয়ে আসে। আগরতলার এনসিসি থানায় মামলা রুজু রয়েছে। ১০ নভেম্বর সকালে তিনি আগরতলার এমবিবি বিমানবন্দরে পৌঁছান এবং সেদিনই আদালতে হাজির করার কথা।
কিছু সূত্রে শোনা যাচ্ছে, জনজাতি সম্প্রদায় ও ত্রিপুরা রাজ্যকে উপহাস করার জন্য তাকে শাস্তি ও জরিমানা করা হতে পারে।