সামান্য ঝড়-বৃষ্টিতেই বিদ্যুৎ বিপর্যয়, ৭ ঘণ্টারও বেশি অন্ধকারে জোলাইবাড়ি,
শান্তির বাজার প্রতিনিধিঃ সামান্য ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ছে জোলাইবাড়ি ব্লক এলাকায়। সোমবার বিকেল চারটে থেকে বিদ্যুৎহীন গোটা জোলাইবাড়ি। রাত ১১টা পর্যন্ত দীর্ঘ সাত ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত হলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ নিগমের দুই সিনিয়র ম্যানেজারের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সোমবার রাতেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে সূত্রের খবর। ফলে গোটা এলাকায় গভীর অনিশ্চয়তা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা গেছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে সম্প্রতি নিযুক্ত অনভিজ্ঞ বিদ্যুৎকর্মীরা বকাফা এলাকায় বিদ্যুতের পরিবাহী তার ছিঁড়ে পড়ার বিষয়টি শনাক্ত করতে পারলেও তা মেরামত করতে পারছেন না। অভিযোগ, সংশ্লিষ্ট সিনিয়র ম্যানেজাররা ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় মেরামতির কাজ এগোচ্ছে না।আধিকারিকদের এমন দায়িত্বহীনতার জেরে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।এদিকে, বিদ্যুৎ বিপর্যয়ের সরাসরি প্রভাব পড়েছে মুহুরীপুরের রাজরাজেশ্বরী পর্যটন উৎসবেও। সোমবার উৎসবের দ্বিতীয় দিনে বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে জেনারেটরের সাহায্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যেতে হয়েছে আয়োজকদের। অন্যদিকে, বাইখোরা থানা এলাকা, পশ্চিম জোলাইবাড়ির ভ্রাতৃ সংঘ-সহ ব্লকের একাধিক মণ্ডপে বিদ্যুৎ না থাকায় পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। উৎসবের মরশুমে এমন বিদ্যুৎ বিপর্যয়ে চরম হতাশা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সামান্য ঝড়-বৃষ্টিতেই বারবার বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়া এবং দীর্ঘ সময়েও তা স্বাভাবিক করতে না পারায় বিদ্যুৎ নিগমের পরিষেবা ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।