Home » Blog » মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, আটক TET উত্তীর্ণরা

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, আটক TET উত্তীর্ণরা

১,৮৫৬ জন TET উত্তীর্ণের দ্রুত নিয়োগের দাবিতে মিছিল; আগরতলা মহিলা কলেজের সামনে পুলিশ বাধা দিলে সেখানেই অবস্থান বিক্ষোভ।

by Planet Tripura
0 comments 2 views
tripuranews

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১০ আগস্ট : ২০২৪ সালের টেট উত্তীর্ণ ১,৮৫৬ জন প্রার্থীর দ্রুত ও একসঙ্গে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের উদ্দেশ্যে মিছিল বের করতেই পুলিশের বাধার মুখে পড়লেন চাকরিপ্রার্থীরা। সোমবার আগরতলার মহিলা কলেজের সামনে বিক্ষোভকারীদের পথ আটকে দেয় পুলিশ। মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় সেখানেই অবস্থান নিতে বাধ্য হন আন্দোলনকারীরা। টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অভিযোগ, দীর্ঘ প্রায় দেড় বছর ধরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেও তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। দ্রুত নিয়োগের দাবিতে এর আগেও একাধিকবার শিক্ষা দপ্তর, TRBT, এলিমেন্টারি ডিপার্টমেন্ট, অর্থমন্ত্রীর দপ্তর এবং মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে তাঁদের বাধার মুখে পড়তে হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।

বিক্ষোভস্থলে এক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী বলেন, ২০২৪ সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৫ সালের এপ্রিল মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রায় দেড় বছর কেটে গেলেও নিয়োগ নিয়ে এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নিয়োগের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।আন্দোলনকারীদের আরও দাবি, রাজ্যে বর্তমানে শিক্ষক সংকট রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে ছাত্রছাত্রী ও অভিভাবকদের আন্দোলনে নামতে হচ্ছে।

তাঁদের বক্তব্য, গত কয়েক বছরে এলিমেন্টারি ডিপার্টমেন্টে তুলনামূলকভাবে অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ হয়েছে। অথচ টেট উত্তীর্ণ ১,৮৫৬ জন প্রার্থী প্রয়োজনীয় পরীক্ষা, প্রিলিমিনারি ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। অপর এক চাকরিপ্রার্থী বলেন, উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরে নির্দিষ্ট যোগ্যতা অর্জনের পাশাপাশি মাস্টার্স, বি.এড এবং টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁরা দীর্ঘদিন ধরে বেকার। বয়সসীমা পার হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে অনেকের মধ্যে। ফলে দ্রুত নিয়োগ না হলে ভবিষ্যতে তাঁরা সরকারি চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন।আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা কোনও ধরনের অশান্তি সৃষ্টি করতে নয়, বরং নিজেদের ন্যায্য দাবি সরকারের কাছে তুলে ধরতেই মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যেতে চেয়েছিলেন। কিন্তু মহিলা কলেজের সামনেই পুলিশ তাঁদের আটকে দেয়।পুলিশের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। টেট উত্তীর্ণদের দাবি, রাজ্যে শিক্ষক সংকটের পরিস্থিতি বিবেচনা করে ২০২৪ সালের টেট উত্তীর্ণ ১,৮৫৬ জনকে দ্রুত এবং একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তা দূর করে সরকারকে স্পষ্ট সময়সীমা ঘোষণা করারও দাবি জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানের আগেই পুলিশি বাধাকে কেন্দ্র করে মহিলা কলেজ চত্বর এলাকায় উত্তেজনা ছড়ায়। এখন সরকারের পক্ষ থেকে টেট উত্তীর্ণ এই চাকরিপ্রার্থীদের দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা।

You may also like

Leave a Comment