আগরতলা: আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রাজ্যের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা পুলিশ। আগরতলার পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহা নির্দেশক জি. এস. রাও পুজো উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন পুজোমণ্ডপে পুলিশি নজরদারি বাড়ানো হবে। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শারদ উৎসবের সময় আগরতলাসহ বিভিন্ন এলাকায় যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা থাকায় ট্রাফিক ব্যবস্থাপনা ও যান চলাচল নিয়ন্ত্রণের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত মহা নির্দেশক আরও জানান, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। পুজো কমিটি ও সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমেই উৎসবের সময় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব বলেও গুরুত্ব দেওয়া হয়।