সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচন: কংগ্রেসের তিন প্রার্থীর মনোনয়ন জমা, আরও ৬ ওয়ার্ডে প্রার্থী দেওয়ার ঘোষণা
নিজস্ব সংবাদদাতা, সাব্রুম: সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনজন প্রার্থী তিনটি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ১টা ১০ মিনিট নাগাদ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) সহ-সভাপতি শংকর মল্লের নেতৃত্বে প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডে লক্ষ্মণ দাস, ৩ নম্বর ওয়ার্ডে রিন্কু দাস এবং ৮ নম্বর ওয়ার্ডে দেবাশিষ দে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শংকর মল্ল জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে আরও ৬টি ওয়ার্ডের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হবে। আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা হলে ভালো, তবে তা না হলে কংগ্রেস মোট ৯টি ওয়ার্ডে নিজেদের প্রার্থী দেবে।