খোয়াই: খোয়াই পুর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের অফিস টিলা এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাউন্ডারি দেওয়াল নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নির্ধারিত ৮ এমএম রডের পরিবর্তে ৫ এমএম রড ব্যবহার করে বীমের রিং তৈরি করা হচ্ছিল।
স্থানীয়দের দাবি, শনিবার ও রবিবার সরকারি কার্যালয় বন্ধ থাকার সুযোগে অফিস টিলা ধারাপাত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনে বাউন্ডারি দেওয়ালের নির্মাণকাজ চলছিল। কাজের সময় বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন।
অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর ঢালাই করা অংশের রড তুলে নেওয়ার চেষ্টা করা হয়। পরে কাজের গোড়ায় ৮ এমএম রড আনা হয় বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এলাকাবাসীর আরও অভিযোগ, সরকারি উন্নয়নমূলক কাজে পুর পরিষদের বাস্তুকারদের নিয়মিত নজরদারি থাকা প্রয়োজন। তবে এই কাজে দায়িত্বপ্রাপ্ত কোনও বাস্তুকারকে ঘটনাস্থলে দেখা যায়নি বলেও অভিযোগ তাঁদের।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার খোয়াই পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হবে। কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের পরই নির্মাণকাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।