ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নে পশ্চিম ত্রিপুরা মডেল জেলা
আগরতলা, ১১ আগস্ট: ত্রিপুরায় সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলাকে রাজ্যের মডেল জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (IHMIS)-এর উপর একটি কর্মশালারও আয়োজন করা হয়। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মসূচিকে রাজ্যে একটি ডিজিটালভাবে সমন্বিত, আন্তঃপরিচালনযোগ্য এবং নাগরিককেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. সুনীল কুমার বার্নওয়াল, আইএএস। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, আইএএস; ন্যাশনাল হেলথ অথরিটির ডিরেক্টর ডা. পঙ্কজ কুমার অরোরা, আইআরএইচএস; ভারত সরকারের ন্যাশনাল হেলথ অথরিটির ডেপুটি সেক্রেটারি ডা. শৈলেশ কুমার যাদব, আইএএস; ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব তথা ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ এ., আইএএস এবং পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ও কালেক্টর ডা. বিশাল কুমার, আইএএস। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, ত্রিপুরার স্টেট মিশন ডিরেক্টর ডা. জি. শরৎ নায়ক, আইএএস।
কর্মসূচির মূল লক্ষ্য হল স্বাস্থ্য পরিষেবাকে আরও প্রযুক্তিনির্ভর ও সমন্বিত করে তোলা। IHMIS-এর মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের আদান-প্রদান এবং নাগরিকদের স্বাস্থ্য পরিষেবায় আরও সহজ ও কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পশ্চিম ত্রিপুরা জেলাকে মডেল জেলা হিসেবে বেছে নিয়ে এই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবায়ন শুরু হওয়ায় পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য জেলাতেও এর সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে স্বাস্থ্য পরিষেবায় তথ্যের সমন্বয়, পরিষেবা প্রদানের দক্ষতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে।