আগরতলা, ৪ সেপ্টেম্বর: সাত দফা দাবিতে শিবনগরস্থিত রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালী ছাত্র-যুব সমাজ। কর্মসূচিতে সংগঠনের সচিব বিপ্লব দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বেকার সমস্যা, টেট উত্তীর্ণদের নিয়োগে বিলম্ব এবং বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ না হওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে টেট উত্তীর্ণ বহু চাকরিপ্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা এবং বেকার যুবকদের বয়স উত্তীর্ণ হয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।
এছাড়াও রাজ্যে নেশা কারবার বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দুর্গাপূজা উপলক্ষে যানবাহন চলাচলে আইনি নিয়ম কঠোরভাবে প্রয়োগ, পূজা থেকে কালীপূজা পর্যন্ত মদসহ নেশাজাতীয় সামগ্রীর বিক্রি বন্ধ, পূজার আগে অধিক সংখ্যায় রেগার কাজ প্রদান এবং শহরের রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবিও জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে মোট সাত দফা দাবি পেশ করা হয়েছে। এর মধ্যে টেট উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগ এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় নিয়োগ প্রক্রিয়া গ্রহণের দাবিও রয়েছে।