২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান উপলক্ষে ১৪ বাঁধারঘাট মণ্ডলের উদ্যোগে আমতলী বাইপাস সংলগ্ন বৈষ্ণব টিলা এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, বিধায়িকা মীনা রানি সরকারসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের বক্তব্য শোনেন।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে অনুষ্ঠানে ত্রিপুরার পর্যটন শিল্পের প্রসার ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পর্যটন কেন্দ্রের সংখ্যা ও পর্যটকদের আনাগোনা বাড়লে যুব সমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। পর্যটনকে কেন্দ্র করে সরাসরি ও পরোক্ষভাবে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য ও পর্যটনস্থলগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে রাজ্যের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি যুবকদের স্বনির্ভর করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।