৩০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে প্রায় ২৪.৫ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় উত্তর কলমচৌড়া এলাকার ৩০ বছর বয়সী তাপস সরকার নামে এক যুবককে আটক করা হয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, বিশালগড়ের দিক থেকে TR01B20219 নম্বরের একটি ইকো গাড়িতে করে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা নিয়ে সোনামুড়ার দিকে যাচ্ছিল ওই যুবক। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিনগর এলাকায় তাকে আটক করা হয়।
সোনামুড়ার কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট অলক কুমার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিশালগড়ের সুমন সাহার কাছ থেকে টাকা নিয়ে সোনামুড়া থানার কুলুবাড়ী এলাকার জাকির ও বাহাব মিঞার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে তার আগেই অভিযানে আটক হয় ওই যুবক।
বর্তমানে আটক যুবক, উদ্ধার হওয়া বাংলাদেশি টাকা এবং টাকা পরিবহণে ব্যবহৃত গাড়িটি সোনামুড়া কাস্টমসের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে সীমান্তপারের অবৈধ বাণিজ্যসংক্রান্ত লেনদেনের উদ্দেশ্যে ওই টাকা পরিবহণ করা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।