বিশ্বকর্মা পূজার আনন্দের মধ্যেই শুক্রবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। উদয়পুর শহর সংলগ্ন হাউজিং বোর্ড এলাকায় আগরতলা-সাবরুম জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। TR01AX9775 নম্বরের বাইকে গকুলপুরের বাসিন্দা রোহন দেবনাথ (২৬) চালক হিসেবে ছিলেন এবং তাঁর সঙ্গে ছিলেন বিশাল পাল (২৪)। তাঁরা রাজারবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে গকুলপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অন্যদিকে, TR03E8872 নম্বরের বাইকে চালক ছিলেন ছনবনের বাসিন্দা রফিক মিয়া (৪২)। তিনি ছনবন থেকে উদয়পুরের সুকান্ত পল্লী এলাকার বাড়ির দিকে যাচ্ছিলেন।
হাউজিং বোর্ড সংলগ্ন জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। পরে দপ্তরের কর্মীরা রফিক মিয়া ও রোহন দেবনাথকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় বিশাল পালকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকরা রফিক মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। রোহন দেবনাথের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। আহত বিশাল পালকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুই মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতেই ফরেনসিক টিম ও রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।