উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পুলিশের জালে এক মাদক পাচারকারী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৯ জুন : মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে প্রায় ৭.৫ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জেলার একটি গুরুত্বপূর্ণ সড়কে সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে তল্লাশি চালায় দামছড়া থানার পুলিশ ।
এতে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।অভিযানের সময় গাড়ির চালককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই মাদকচক্রের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে আন্তঃরাজ্য বা আন্তঃদেশীয় মাদক পাচারচক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখে তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় ধারাবাহিকভাবে ইয়াবা ও অন্যান্য মাদক উদ্ধারের ঘটনা সামনে আসছে। সীমান্তবর্তী এলাকাগুলিকে কেন্দ্র করে সক্রিয় পাচারচক্রের বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার হয়েছে। এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকে উত্তর-পূর্বাঞ্চলে মাদকবিরোধী অভিযানের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।