Home » Blog » দীর্ঘদিনের মামলার দ্রুত সমাধানে বড় উদ্যোগ

দীর্ঘদিনের মামলার দ্রুত সমাধানে বড় উদ্যোগ

by Planet Tripura
0 comments 38 views

২৫ হাজার মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্য নিয়ে রাজ্যে অনুষ্ঠিত বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৯ মে : সারা দেশের সাথে সঙ্গতি রেখে ত্রিপুরাতেও যথাযোগ্য আইনি প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো এ বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন আদালত চত্বরে বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিড় লক্ষ্য করা গেছে।

দীর্ঘদিনের জমে থাকা মামলাগুলোর দ্রুত ও সমঝোতামূলক নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিস অথরিটির সহকারী সচিব রাজর্ষি চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, এবারের লোক আদালতে মামলা নিষ্পত্তির হার বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, সারা দেশের সাথে আজ আমাদের রাজ্যেও দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই লোক আদালতে নিষ্পত্তির জন্য রাজ্যের বিভিন্ন বেঞ্চে মোট ২৫ হাজার ৫১৪টি মামলা তোলা হয়েছে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পুরো রাজ্যে মোট ৪৬টি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে।

এবারের লোক আদালতে কোন ধরনের মামলাগুলো অগ্রাধিকার পাচ্ছে, সে বিষয়ে আলোকপাত করতে গিয়ে রাজর্ষি বাবু জানান, মূলত আপসযোগ্য ফৌজদারি মামলা, এমভি অ্যাক্ট , টিপি অ্যাক্ট এবং টিজি অ্যাক্টের অধীনস্থ মামলাগুলো এখানে শুনানির জন্য নেওয়া হয়েছে।

এছাড়াও এনআই অ্যাক্ট ও বিভিন্ন দেওয়ানি মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। সহকারী সচিব বলেন, কোনো প্রকার অতিরিক্ত আইনি খরচ ছাড়াই নিজেদের মামলাগুলো দ্রুত মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে লোক আদালত একটি সুবর্ণ সুযোগ। সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে জাতীয় লোক আদালতের এই ভূমিকা অত্যন্ত কার্যকর বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

You may also like

Leave a Comment