Home » Blog » রামনগর বিস্ফোরণে তদন্ত ও ক্ষতিপূরণ চাইল কংগ্রেস

রামনগর বিস্ফোরণে তদন্ত ও ক্ষতিপূরণ চাইল কংগ্রেস

রামনগর বিস্ফোরণ: প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, নিরপেক্ষ তদন্তের দাবি

by Planet Tripura
0 comments 5 views

রামনগর বিস্ফোরণ: প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৭ জুন : আগরতলার রামনগরের ৪ নম্বর রোডে বহুতলে সংঘটিত বিস্ফোরণে যুবক শুভ্রজিৎ চৌধুরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এক প্রেস বিবৃতিতে এই ঘটনাকে সাধারণ দুর্ঘটনা হিসেবে না দেখে প্রশাসনিক ও ব্যবস্থাগত ব্যর্থতার ফল বলে দাবি করেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নিহত শুভ্রজিৎ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

পাশাপাশি প্রশ্ন তোলা হয়, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের মানুষ কতটা নিরাপদ। বিবৃতিতে দাবি করা হয়, আইন শৃঙ্খলার অবনতি, অপরাধ বৃদ্ধি এবং বিভিন্ন ঘটনার তদন্তে স্বচ্ছতার অভাবের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রেস বিবৃতিতে কুমারঘাট রথ দুর্ঘটনা, বড়মুড়ার সড়ক দুর্ঘটনা এবং শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের মনীষা দাস হত্যাকাণ্ডের তদন্তের প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেস অভিযোগ করে, একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত দীর্ঘদিনেও সম্পূর্ণ হয়নি।

সেই প্রেক্ষিতে রামনগর বিস্ফোরণের তদন্ত নিয়েও মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে দাবি করা হয়।দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, শহরে গ্যাস পাইপলাইনে বারবার দুর্ঘটনা, গ্যাস লিক, ভূগর্ভস্থ বিভিন্ন পরিষেবা প্রকল্পের মধ্যে সমন্বয়ের অভাব এবং বহুতল ভবনের নিরাপত্তা ব্যবস্থার যথাযথ তদারকির ঘাটতি ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের কারণ হতে পারে।প্রদেশ কংগ্রেস এই ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে নিহতের পরিবার, আহত ব্যক্তি এবং ক্ষতিগ্রস্তদের জন্য উপযুক্ত সরকারি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করা হয়েছে।

এছাড়াও ট্রাফিক ব্যবস্থা, নিকাশি, বিশুদ্ধ পানীয় জলসহ নগর পরিষেবার বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে রাজ্য সরকার, নগর উন্নয়ন দপ্তর, পুরনিগম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেস। জনস্বার্থে গৃহীত যেকোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশ্বাসও দিয়েছে দল।

You may also like

Leave a Comment