ত্রিপুরা প্রতিনিধি, আগরতলা ৮ জুলাই : ভোটার তালিকা বিশেষ নিবির সংশোধন (SIR) প্রক্রিয়া এবং ভোটার তালিকা হালনাগাদকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন দপ্তরের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া সম্পর্কে রাজ্যে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না এবং বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন আধিকারিকের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। সাংবাদিক সম্মেলনের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সংবাদ সম্মেলন ডাকার জন্য দুঃখ প্রকাশ করে প্রবীর চক্রবর্তী বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় জনস্বার্থে তা প্রকাশ্যে আনা জরুরি হয়ে পড়েছে। তিনি জানান, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি এই বিষয়ে ভারতের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রাজ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন।
তবে সেই চিঠির প্রাপ্তি স্বীকার কিংবা কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি বলে দাবি করেন তিনি।প্রবীর চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, গত ১৪ মে নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে, যেখানে ৩০ জুন থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই সংক্রান্ত ফর্ম বিতরণ, তথ্য সংগ্রহ এবং তার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রস্তুতের কথা উল্লেখ রয়েছে। কিন্তু ত্রিপুরায় এই প্রক্রিয়া বাস্তবে শুরু হয়েছে কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। তিনি দাবি করেন, সম্প্রতি অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তাদের প্রতিনিধিরা বিষয়টি উত্থাপন করলে রাজ্য নির্বাচন আধিকারিক স্পষ্ট কোনো উত্তর না দিয়ে জানান, সেপ্টেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে এবং এখনও ফর্ম মুদ্রণের কাজও শুরু হয়নি। এই বক্তব্য নির্বাচন কমিশনের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস।
সংবাদ সম্মেলনে প্রবীর চক্রবর্তী আরও দাবি করেন, কর্ণাটকে একই ধরনের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের কাজ এগিয়ে চলেছে। সেই প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, যদি সারা দেশে একই নিয়ম কার্যকর হয়, তাহলে ত্রিপুরায় ভিন্ন অবস্থান কেন নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ভবিষ্যতে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতের নির্বাচন নিয়েও তাদের দলের আপত্তি রয়েছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রবীর চক্রবর্তী জানান, কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল রাজ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। সাক্ষাতে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রক্রিয়া, নির্বাচন কমিশনের নির্দেশিকা বাস্তবায়ন এবং রাজ্যে কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে লিখিতভাবে ব্যাখ্যা চাওয়া হবে।
নির্বাচন আধিকারিকের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে বিষয়টি নিয়ে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।সাংবাদিক সম্মেলনে তিনি বিজেপির বিরুদ্ধে ভোট জালিয়াতি, নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগও তোলেন। পাশাপাশি দাবি করেন, জনগণের ভোটাধিকার ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় কংগ্রেস শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। উল্লেখ্য, এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সহ-সভানেত্রী পৃথা দেব এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরীও উপস্থিত ছিলেন।