Home » Blog » শান্তির বাজারের বীরচন্দ্র-মুড়াসিং পাড়া সড়কের বেহাল দশা

শান্তির বাজারের বীরচন্দ্র-মুড়াসিং পাড়া সড়কের বেহাল দশা

বেহাল রাস্তায় চরম দুর্ভোগ: বীরচন্দ্র-মুড়াসিং পাড়ার বাসিন্দাদের ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে

by Planet Tripura
0 comments 40 views

নরক যন্ত্রণায় বীরচন্দ্র-মুড়াসিং পাড়া রাস্তা: অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া দুঃসাধ্য, প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে এলাকাবাসীরা

নিজস্ব প্রতিনিধি, মিঠুন ভৌমিক : শান্তির বাজার:
ভোটের আগে নেতা মন্ত্রীদের বড় বড় ডায়লগ বাজি শুনা গেলেও বাস্তব চিত্র যেন অন্য্ কথা বলছে। বীরচন্দ্র মনুতে বছরের পর বছর ধরে ভগ্ন দশা । রাস্তার পিচ-পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর সামান্য বৃষ্টিতেই সেই গর্তগুলো পরিণত হচ্ছে জলমগ্ন ডোবায়। এটাই এখন শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র থেকে মুড়াসিং পাড়া যাতায়াতের একমাত্র রাস্তার বাস্তব চিত্র। দীর্ঘদিন ধরে রাস্তার এই কঙ্কালসার দশা চললেও প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই নরক যন্ত্রণার পথ সইতে সইতে এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে এলাকাবাসীদের ।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য এই রাস্তাটিই এই অঞ্চলের মানুষের একমাত্র ভরসা। কিন্তু রাস্তার বর্তমান অবস্থা যা শোচনীয় , তাতে কোনো মুমূর্ষু বা গর্ভবতী রোগীকে নিয়ে সময়মতো হাসপাতালে পৌঁছানো এক প্রকার অসম্ভব এবং চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তার কোনো বিকল্প পথ না থাকায় প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, চাকরিজীবী থেকে শুরু করে আপামর জনসাধারণকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক থেকে শুরু করে পথচারীরা।

এলাকাবাসীর দাবি, রাস্তার এই বেহাল দশা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক— সবাইকে বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু প্রতিবারই মিলেছে কেবলই আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের এই চরম উদাসীনতা ও নিষ্ক্রিয়তায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

অবশেষে বাধ্য হয়ে ভুক্তভোগী এলাকাবাসী সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তাদের স্পষ্ট দাবি, জনস্বার্থের কথা বিবেচনা করে অবিলম্বে এই রাস্তাটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের ব্যবস্থা করা হোক। এখন দেখার, সাধারণ মানুষের এই দীর্ঘদিনের আর্তনাদ এবং তীব্র ক্ষোভের পর অবশেষে প্রশাসনের ঘুম ভাঙে কি না, নাকি এই নরক যন্ত্রণাকে সঙ্গী করেই দিন কাটাতে হবে বীরচন্দ্র ও মুড়াসিং পাড়ার বাসিন্দাদের এটাই এখন দেখার বিষয়।

You may also like

Leave a Comment