Home » Blog » শান্তিরবাজার হাসপাতালে নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

শান্তিরবাজার হাসপাতালে নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

শান্তিরবাজার জেলা হাসপাতালে একাংশের নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ক্ষোভ রোগীর পরিজনদের

by Planet Tripura
0 comments 3 views

একাংশের নার্সের গাফিলতিতে প্রশ্নের মুখে শান্তিরবাজার জেলা হাসপাতালের পরিষেবা, ক্ষোভ রোগীর পরিজনদের

 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৭ জুন : শান্তিরবাজার জেলা হাসপাতালে কিছুসংখ্যক নার্সের দায়িত্বে গাফিলতির কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও হাসপাতালের চিকিৎসকরা দিন-রাত পরিশ্রম করে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, তবুও কিছু নার্সের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে সেই পরিষেবার মান প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি রোগীর আত্মীয় পরিজনদের। অভিযোগ, হাসপাতালের রাত্রিকালীন ডিউটিতে থাকা কয়েকজন নার্স রোগীদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার পরিবর্তে ডিউটি কক্ষের দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে থাকেন।

ফলে রাতের বেলায় কোনো রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলেও দ্রুত নার্সদের সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও রোগীদের অভিযোগ ও প্রয়োজনীয় বিষয়ে অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না বলেও দাবি করেছেন রোগীর পরিজনরা। চিকিৎসকরা ওয়ার্ডে আসার আগে রোগীদের বেডে প্রয়োজনীয় নথিপত্র ও প্রেসক্রিপশন পৌঁছে দেওয়া হয় না। ফলে অসুস্থ রোগী বা তাঁদের পরিবারের সদস্যদের নার্সদের কাউন্টার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়, যা চরম ভোগান্তির সৃষ্টি করছে।শনিবার হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর অভিভাবক জানান, গত সাত দিন ধরে তাঁর মেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।

তাঁর অভিযোগ, চিকিৎসকরা নিয়মিত সময়মতো এসে রোগীকে দেখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। কিন্তু চিকিৎসকদের চলে যাওয়ার পর নার্সদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না। শুধু স্যালাইন লাগিয়ে দায়িত্ব শেষ বলে মনে করা হয়। স্যালাইন চলাকালীন কোনো সমস্যা দেখা দিলেও নার্সদের অনেক সময় ডাকা সত্ত্বেও দ্রুত সাড়া মেলে না বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও ডিউটির সময় কিছু নার্সকে নিজেদের মধ্যে গল্প-আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায় বলেও অভিযোগ উঠেছে। ফলে হাসপাতালে ভর্তি রোগীরা প্রয়োজনীয় সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক রোগীর আত্মীয়-পরিজন। তবে হাসপাতালের চিকিৎসকদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করলেও, কিছু নার্সের দায়িত্বে অবহেলার কারণে সামগ্রিক চিকিৎসা পরিষেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ।বিষয়টি নিয়ে স্বাস্থ্যদপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।

You may also like

Leave a Comment