Home » Blog » রাখি বন্ধনে সম্প্রীতির বার্তা শান্তির বাজার থানার

রাখি বন্ধনে সম্প্রীতির বার্তা শান্তির বাজার থানার

কর্মব্যস্ত পুলিশ জীবনের মধ্যেও উৎসবের এই মুহূর্তে সহকর্মীদের মধ্যে দেখা যায় আন্তরিকতা ও আনন্দের পরিবেশ।

by Planet Tripura
0 comments 2 views
shantir-bazar-thana-rakhi-bandhan

“বন্ধন স্নেহের বন্ধন”—রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা শান্তির বাজার থানার

শান্তির বাজার প্রতিনিধি: মিঠুন ভৌমিক
রাখি বন্ধন শুধু ভাই-বোনের ভালোবাসার উৎসব নয়, এই উৎসবের মধ্য দিয়ে তৈরি হয় স্নেহ, বিশ্বাস, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অটুট বন্ধন। সেই ভাবনাকেই সামনে রেখে রাখি বন্ধন উৎসব উপলক্ষে শান্তির বাজার থানায় আয়োজন করা হলো এক বিশেষ অনুষ্ঠানের। “বন্ধন স্নেহের বন্ধন”—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। এদিন শান্তির বাজার থানার মহিলা পুলিশ কর্মীরা থানার পুরুষ পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন। কর্মব্যস্ত পুলিশ জীবনের মধ্যেও উৎসবের এই মুহূর্তে সহকর্মীদের মধ্যে দেখা যায় আন্তরিকতা ও আনন্দের পরিবেশ। একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে সকলেই সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেন।

অনুষ্ঠানে উপস্থিত এক মহিলা পুলিশ কর্মী জানান, রাখি বন্ধনের মতো একটি বিশেষ দিনে থানার সহকর্মীদের হাতে রাখি পরিয়ে দিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। পুলিশ কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুন্দর ও আন্তরিক করে তুলতেই এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তিনি জানান। শান্তির বাজার থানার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত, এসআই সমীর বিশ্বাস ও স্বপন সেন। অনুষ্ঠানে শান্তির বাজার ফরেস্ট অফিসের কর্মীরাও অংশগ্রহণ করেন। পাশাপাশি মনপাথর থানার পুলিশ কর্মীরাও রাখি বন্ধন উৎসবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নেন।

শুধু পুলিশ প্রশাসনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এদিনের আয়োজন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। ভারতীয় মজদুর সংঘের কর্মীরা উপস্থিত থেকে উৎসবে অংশগ্রহণ করেন। শান্তির বাজার কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এছাড়াও স্থানীয় বিজেপি দলের নেতৃত্ব ও কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মণ্ডলের সভাপতি দেবাশিস ভৌমিক, দক্ষিণ জেলা পরিষদের সদস্য সুমন দেবনাথ, শান্তির বাজার পৌর পরিষদের পৌরমাতা শ্রীমতি স্বপ্না বৈদ্য এবং ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা।

রাখি বন্ধনের এই আয়োজনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় করার একটি সুন্দর বার্তা উঠে আসে। সাধারণত দায়িত্ব পালনের সময় আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত থাকা পুলিশ কর্মীদেরও এদিন উৎসবের আবহে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা যায়। অনুষ্ঠানকে ঘিরে থানার পরিবেশেও ছিল উৎসবের আমেজ। রাখি পরানোর পাশাপাশি উপস্থিত সকলেই একে অপরকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানান। শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সৌহার্দ্য, স্নেহ ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শান্তির বাজার থানায় পালিত হয় এবারের রাখি বন্ধন উৎসব। আজকের অনুষ্ঠানের বিস্তারিত তর্থ্য সাংবাদিকের সামনে তুলে ধরেন শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা মহাশয় ।

You may also like

Leave a Comment