বিশালগড় থানা এলাকার রাউৎখলা এলাকায় পরপর দুই রাতে দুই বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে একটি বাড়িতে চুরির ঘটনার পর শনিবার রাতে প্রয়াত সাংবাদিক সুব্রত সাহার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। পরপর চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
জানা গেছে, শনিবার রাতে বাড়ির সদস্যরা কেউ উপস্থিত না থাকার সুযোগ নিয়ে চোরের দল সুব্রত সাহার বাড়িতে ঢুকে পড়ে। ঘরে থাকা বিভিন্ন সামগ্রী ও টাকা-পয়সা নিয়ে চোরেরা পালিয়ে যায় বলে অভিযোগ।
রবিবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। এরপর বিষয়টি বিশালগড় থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এদিকে, রাউৎখলা এলাকায় পরপর চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিশালগড় থানা এলাকায় দিন দিন চুরির ঘটনা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।
পরপর চুরির ঘটনায় পুলিশি নজরদারি ও রাতের টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত চলছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।