Home » Blog » রাজনগরে পানীয় জলের সংকট

রাজনগরে পানীয় জলের সংকট

তিন মাস ধরে জল সরবরাহ বন্ধ, দ্রুত স্থায়ী সমাধানের দাবি ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের

by Mithun Bhowmik
0 comments 4 views
Rajnagar-Water-Crisis-Women-Protest

পানীয় জলের চরম সংকটে পড়েছেন যুবরানগর ব্লকের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ, প্রায় তিন মাস ধরে ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত জল জীবন মিশনের পাম্প থেকে তাঁদের এলাকায় পানীয় জল সরবরাহ হচ্ছে না। ফলে তীব্র সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পাম্পের একটি প্রধান সংযোগ লাইন বিকল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখনও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

পরিস্থিতি চরম আকার ধারণ করায় বৃহস্পতিবার ৪ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ মহিলারা পাম্প হাউসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে পাম্প হাউসে তালা ঝুলিয়ে দেন তাঁরা। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, জল জীবন মিশনের প্রকল্পের কাজের সময় নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছিল। ফলে একটি জায়গায় পাইপ মেরামত করার পর অন্য জায়গায় ফাটল দেখা দিচ্ছে এবং জল সরবরাহ বারবার বন্ধ হয়ে যাচ্ছে।

প্রতিবাদ চলাকালীন মহিলারা পাম্প অপারেটর দেবাশীষ দেবনাথের সঙ্গে কথা বলেন। অপারেটর জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরের নজরে আনা হচ্ছে। দ্রুত পাইপ মেরামত করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাসও দেন তিনি।

তবে আশ্বাসের পরও পাম্প হাউসের চাবি নিজেদের হেফাজতে রেখেছেন আন্দোলনকারী মহিলারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, দ্রুত পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

You may also like

Leave a Comment