দীর্ঘ ২১ বছর ধরে অব্যবহৃত পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা প্লান্টেশনের একাংশের বাউন্ডারি কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর থানাধীন ওয়াথি লং এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, বিজেপির প্রদেশ কমিটির প্রাক্তন সভাপতি পাতালকন্যা জমাতিয়ার পৈতৃক সম্পত্তিটি দীর্ঘদিন ধরে খালি পড়ে ছিল। প্রায় ২১ বছর পর ওই জমিতে প্লান্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি প্লান্টেশনের বাউন্ডারির একটি অংশ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে পাতালকন্যা জমাতিয়া ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে প্লান্টেশনের একটি অংশের বাউন্ডারি কেটে ক্ষতি করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই কল্যাণপুর থানাকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
কে বা কারা বাউন্ডারি ক্ষতিগ্রস্ত করেছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করলে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।