পানিসাগরে বেহাল রাস্তা ও বিপজ্জনক ব্রিজ!

ভাঙা রাস্তা, নড়বড়ে ব্রিজ; উত্তর-দক্ষিণ পদ্মবিলে চরম দুর্ভোগে হাজারো মানুষ

by Planet Tripura
0 comments 3 views

বিজেপির উন্নয়নের দাবির বিপরীতে মৃত্যুফাঁদে পদ্মবিল! ভাঙা রাস্তা ও ঝুঁকিপূর্ণ ব্রিজ পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে শতাধিক পড়ুয়াদের।

পানিসাগর প্রতিনিধি :- রাজ্য সরকারের উন্নয়নের দাবি যতই জোরালো হোক না কেন, উত্তর ত্রিপুরার পানিসাগর বিধানসভার অন্তর্গত উত্তর পদ্মবিল ও দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মানুষের বাস্তব জীবন যেন সেই দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অভিযোগ জলাবাজার থেকে বড়বাজার যাওয়ার একমাত্র সংযোগকারী রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ৪৫০টি পরিবারের হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তার ওপর নির্ভরশীল। অথচ যোগাযোগের একমাত্র ভরসা হয়ে থাকা পুরনো স্টিল বা রেলওয়ে ব্রিজটি এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো , এই এলাকায় প্রায় ২০০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই ভাঙা চোরা ব্রিজ পার হয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির অবস্থা এতটাই বিপজ্জনক যে ছোট শিশুদের একা পার হতে দেওয়া খুবই বিপদের । প্রতিদিন অভিভাবকদের সন্তানদের হাত ধরে ব্রিজ পার করিয়ে দিতে হয়। এলাকাবাসীর আরও অভিযোগ, এলাকার কোনো গর্ভবতী মহিলা বা গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে অ্যাম্বুল্যান্স পৌঁছাতে পারে না এই এলাকায় । বাধ্য হয়ে রোগীকে কাঁধে বা টুকরিতে করে বিপজ্জনক ব্রিজ পার করিয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়, ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে প্রতিনিয়ত ।

গ্রামবাসীরা জানান , বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তা ও ব্রিজ সংস্কারের আবেদন জানানো হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষা এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায় আমাদের । স্থানীয়দের প্রশ্ন—উন্নয়নের ভাষণ যদি বাস্তবেই সফল হয়, তাহলে উত্তর ও দক্ষিণ পদ্মবিলের শত শত মানুষ এখনও কেন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত?
এলাকাবাসীর একটাই দাবি—অবিলম্বে রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার এবং ঝুঁকিপূর্ণ ব্রিজের পরিবর্তে একটি নিরাপদ স্থায়ী সেতু নির্মাণ করা হোক, যাতে দুর্ঘটনার পর প্রশাসনকে জবাবদিহি করতে না হয়। এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউস

You may also like

Leave a Comment