নরসিংগড়: ত্রিপুরার উন্নয়ন নিয়ে ‘স্বর্ণযুগ’ কিংবা ‘হীরা মডেল’-এর মতো নানা স্লোগান সামনে এলেও নরসিংগড় বিনপাড়া এলাকার রাস্তার চিত্র বদলায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তার কারণে এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দাবি তাঁদের।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য স্থানীয় বিধায়ক নয়ন সরকারকে একাধিকবার জানানো হয়েছে। প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবে রাস্তা সংস্কারের কোনও কাজ শুরু হয়নি বলে তাঁদের দাবি।
স্থানীয়দের আরও অভিযোগ, বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নয়ন সরকার নিয়মিত এলাকায় আসেন না এবং সাধারণ মানুষের সমস্যার খোঁজখবরও রাখেন না। যদিও এ বিষয়ে বিধায়কের বক্তব্য জানা যায়নি।
রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত রাস্তার কাজ শুরু না হলে আগামী নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে তাঁরা নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববেন।
বেহাল রাস্তার কারণে যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীর। তাঁদের দাবি, দ্রুত রাস্তা পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।
এখন এলাকাবাসীর অভিযোগের পর প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি কী পদক্ষেপ নেন, সেদিকেই নজর স্থানীয়দের।