Home » Blog » স্কুলে নেই বসে মিড-ডে মিল খাওয়ার জায়গা

স্কুলে নেই বসে মিড-ডে মিল খাওয়ার জায়গা

লক্ষীছড়া স্কুলে মিড-ডে মিল, পানীয় জল ও শিক্ষক সংকট

by Planet Tripura
0 comments 2 views

নিজস্ব প্রতিনিধি: ত্রিপল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র আবারও সামনে এল, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে মিড-ডে মিল খাওয়ার জন্য নির্দিষ্ট বসার জায়গা নেই, বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং প্রাথমিক বিভাগে শিক্ষক সংকটের অভিযোগ তুলেছেন অভিভাবকরা।

সংবাদমাধ্যম বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার পরিকাঠামোর বেহাল চিত্র ক্যামেরায় ধরা পড়ে। অভিযোগ, প্রতিদিন ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নিচে কিংবা গাছের তলায় দাঁড়িয়ে মিড-ডে মিল খেতে বাধ্য হচ্ছে । এতে বর্ষাকাল ও রোদে যেমন সমস্যার মুখে পড়তে হয়, তেমনি খাবারে পোকামাকড় পড়ার আশঙ্কাও থেকে যায়।

অভিভাবকদের আরও অভিযোগ, বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অধিকাংশ ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকেই পানীয় জল নিয়ে আসতে হয় ।

এছাড়া প্রাথমিক বিভাগে শিক্ষক স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে নার্সারি বিভাগের জন্য আলাদা শিক্ষক না থাকায় ছোট শিশুদের বড় শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে পাঠদান করা হচ্ছে। এতে শিশুদের প্রাথমিক শিক্ষার মান ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ অভিভাবকদের।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি থাকলেও বিদ্যালয় শিক্ষা দপ্তর কিংবা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকরি কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, মিড-ডে মিলের জন্য স্থায়ী ডাইনিং শেড নির্মাণ এবং শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন অভিভাবকরা। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা।

 

You may also like

Leave a Comment