৪৫ কমলপুর বিধানসভা কেন্দ্রের মানিকভান্ডার বাজারে বিজেপি নেতার বাড়ির সামনে আগুন ধরিয়ে দেওয়া এবং দোকানে পেট্রল বোমা নিক্ষেপের চেষ্টা করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, মানিকভান্ডার পঞ্চায়েত প্রধান তথা কমলপুর বিজেপি মণ্ডলের সম্পাদক রাজদীপ ঘোষের বাড়ির সামনেই রয়েছে তাঁর একটি দোকান। অভিযোগ, রাতে দুষ্কৃতীরা ওই দোকান লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের চেষ্টা করে। পাশাপাশি কাঁচের বোতলও ছোড়া হয় বলে অভিযোগ। এর পরেই বাড়ির সামনের অংশে আগুন ধরে যায়।
ঘটনার খবর পেয়ে রাতে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে অসংখ্য ভাঙা কাঁচের বোতলের টুকরো উদ্ধার হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।
ঘটনা প্রসঙ্গে রাজদীপ ঘোষ জানান, মানিকভান্ডার বাজার কমিটি ঘোষণা নিয়ে কয়েকজন ব্যক্তি তাঁকে হুমকি দিয়েছিলেন। বিষয়টি তিনি আগেই পুলিশকে জানিয়েছিলেন বলে দাবি করেন।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলার কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।