কৈলাসহর: ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মনু নদীর বাঁধ সংস্কারকে কেন্দ্র করে সীমান্ত সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। বাঁধ সংস্কারের একটি অংশের কাজ করতে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় বর্তমানে ওই অংশের সংস্কার কাজ বন্ধ রয়েছে।
শুক্রবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট আধিকারিকরা।
পরিদর্শনকালে মন্ত্রী মনু নদীর বাঁধের বর্তমান পরিস্থিতি এবং অসম্পূর্ণ সংস্কার কাজের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। সীমান্ত সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ থাকা কাজের বিষয়টিও খতিয়ে দেখা হয়।
স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ এই বাঁধের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা না হলে বর্ষাকালে এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।