Home » Blog » ত্রিপুরা সফর বাতিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

ত্রিপুরা সফর বাতিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

সশরীরে থাকছেন না কেন্দ্রীয় মন্ত্রী, তবে নির্ধারিত সূচি মেনেই বিনিয়োগ টানতে আগরতলায় শুরু হচ্ছে ‘ডেস্টিনেশন ত্রিপুরা’

by Planet Tripura
0 comments 1 views
tripuranews

শেষ মুহূর্তে ত্রিপুরা সফর বাতিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, ভার্চুয়ালেই বিজনেস কনক্লেভে অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৯ জুলাই : ত্রিপুরায় বহু প্রতীক্ষিত ‘ডেস্টিনেশন ত্রিপুরা: বিজনেস কনক্লেভ–২০২৬’ শুরুর প্রাক্কালে শেষ মুহূর্তে বাতিল হলো কেন্দ্রীয় উন্নয়ন মন্ত্রক (DoNER) ও যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার নির্ধারিত আগরতলা সফর। অনিবার্য কারণবশত তিনি রাজ্যে আসতে না পারলেও, নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে শিল্পপতি, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের উদ্দেশে বক্তব্য রাখবেন।বৃহস্পতিবার আগরতলায় পৌঁছে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক মানের ব্যবসায়িক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রীর। কিন্তু সফর বাতিলের সিদ্ধান্ত শেষ মুহূর্তে জানানো হয়। তবুও নির্ধারিত সূচি অনুযায়ী কনক্লেভের সমস্ত কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে। রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগমুখী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে ‘ডেস্টিনেশন ত্রিপুরা: বিজনেস কনক্লেভ–২০২৬’। এই সম্মেলনের মাধ্যমে ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের একটি উদীয়মান শিল্প ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে তুলে ধরাই মূল লক্ষ্য। অবকাঠামো, কৃষি, পর্যটন, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস এবং উৎপাদন শিল্পসহ একাধিক সম্ভাবনাময় ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি মহলের মতে, কনক্লেভকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন শিল্পগোষ্ঠী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।সম্মেলনের মাধ্যমে নতুন বিনিয়োগ প্রস্তাব আসার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা এবং রাজ্যের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী করার ক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে বলে আশা করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক উপস্থিতি শেষ পর্যন্ত সম্ভব হলো না, তবুও তাঁর ভার্চুয়াল অংশগ্রহণের মাধ্যমে কেন্দ্রের সহযোগিতা ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে অঙ্গীকারের বার্তা স্পষ্ট হবে বলে মনে করছে প্রশাসন।একই সঙ্গে এই কনক্লেভ সরকার, শিল্পমহল ও বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

You may also like

Leave a Comment