বর্ষা শুরু হতেই ফের বেহাল দশা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের চরমপাই পাড়া ও মধুলা সর্দার পাড়ার যাতায়াতের রাস্তার। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকা রাস্তাটি বৃষ্টির জলে কর্দমাক্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে কাদা ও বড় বড় গর্ত। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে ছাত্রছাত্রী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের যাতায়াতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
গ্রামবাসীদের একাংশের ক্ষোভ, বছরের পর বছর ধরে রাস্তার সমস্যার কথা সংশ্লিষ্ট মহলের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কার্যত কাদা-পাঁক পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে।
রাস্তার এই দুরবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। দ্রুত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী না করা হলে আগামী দিনে ভোট বয়কটের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীদের একাংশ।
এখন দেখার বিষয়, বিষয়টি প্রশাসনের নজরে আসার পর জোলাইবাড়ি ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করে এবং দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে এলাকাবাসী কবে মুক্তি পান।