Home » Blog » জোলাইবাড়ী রাস্তার দাবিতে পথ অবরোধ

জোলাইবাড়ী রাস্তার দাবিতে পথ অবরোধ

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে

by Planet Tripura
0 comments 7 views

নিজস্ব প্রতিনিধি, জোলাইবাড়ী:
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় জর্জরিত জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক নমঃ পাড়া ও তাতি পাড়া এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার রাস্তা মেরামতের দাবিতে জোলাইবাড়ী-বিলোনিয়া সড়ক অবরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় সাত বছর ধরে এলাকার যাতায়াতের রাস্তা ভগ্নদশায় পড়ে থাকলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অবরোধকারীদের দাবি, একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানান অভিযোগ করেন ।

স্থানীয়দের একাংশের অভিযোগ, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় একাধিক বার এলাকার উন্নয়নের ও বিকাশের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি। ভোট শেষ প্রতিশ্রুতি ও শেষ। এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই বহু গ্রামবাসী আন্দোলনে সামিল হন এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান।পথ অবরোধের জেরে জোলাইবাড়ী-বিলোনিয়া সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) নবব্রত দত্ত। তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তা নির্মাণ ও সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন । প্রশাসনের আশ্বাসের পর রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। তবে এলাকাবাসীর বক্তব্য, শুধুমাত্র আশ্বাস নয়, এবার দ্রুত কাজ শুরু হওয়া দরকার। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

You may also like

Leave a Comment