Home » Blog » রাজনৈতিক বচসার জেরে গভীর রাতে দা দিয়ে হামলা

রাজনৈতিক বচসার জেরে গভীর রাতে দা দিয়ে হামলা

গভীর রাতে প্রদীপ দাস নামে এক ব্যক্তির ওপর ধারালো দা নিয়ে হামলা

by Planet Tripura
0 comments 3 views

ফটিকরায়, ০৩.০৭.২০২৬ 
রাজনৈতিক বচসা ও পুরনো শত্রুতার জেরে গভীর রাতে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কোপানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত সায়দারপাড় ১ নম্বর ওয়ার্ডে। হামলায় গুরুতর আহত প্রদীপ দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন রাতে রাজনৈতিক একটি বিষয়কে কেন্দ্র করে স্থানীয় কিছু লোকের মধ্যে বচসা হয়। অভিযোগ, সেই ঘটনার জের ধরেই গভীর রাতে ওত পেতে বসেছিল ওই এলাকারই শিপ্রেন্দু দাস নামে এক যুবক। প্রদীপ দাস সামনে আসতেই আচমকা তাঁর ওপর ধারালো ‘দা’ নিয়ে অতর্কিত হামলা চালায় শিপ্রেন্দু।

হামলার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রদীপ বাবু। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ফটিকরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফটিকরায় থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত রক্তাক্ত ‘দা’ টি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে। আহতের স্ত্রী গীতাঞ্জলি বিশ্বাস দাবি করেছেন, পুরনো শত্রুতার জেরেই এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় ফটিকরায় থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ফটিকরায়/পিএস/২৩)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত মূল অভিযুক্ত শিপ্রেন্দু দাস এখনও পলাতক। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

You may also like

Leave a Comment