সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবিরে প্রায় ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চন্দ্র ভৌমিক, সরকারি কর্মচারী কমিটির সভাপতি রোপক কুমার দত্ত-সহ অন্যান্য সরকারি কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি সিপিএমের বিভিন্ন প্রচার ও রাজনৈতিক বিষয় নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক রামপ্রসাদ পাল।
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলে। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।