নিজস্ব প্রতিনিধি, আগরতলা: আগরতলা সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র দিনমজুর পরিবারের দিব্যাঙ্গ সন্তানের জন্য সরকারি ভাতা না পাওয়ার অভিযোগ সামনে এসেছে। সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দ্রুত ভাতা প্রদানের আবেদন জানানো হয়েছে।
জানা গেছে, কাঞ্চনমালা দাসপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দাস পেশায় একজন দিনমজুর। তাঁর সপ্তম শ্রেণির ছাত্র ছেলে বিকাশ দাস জন্মগতভাবে দিব্যাঙ্গ। পরিবারের দাবি, শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয়। যদিও তার বৈধ দিব্যাঙ্গ সার্টিফিকেট রয়েছে, তবুও বহুবার আবেদন করার পরও এখন পর্যন্ত সরকারি দিব্যাঙ্গ ভাতা মেলেনি।
রবিবার দুপুরে বিশ্বজিৎ দাসের স্ত্রী মনিদীপা দাস সংবাদমাধ্যমের সামনে এসে আবেগঘন কণ্ঠে তাঁদের অসহায় অবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, স্বামীর দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ছেলের চিকিৎসা, পড়াশোনা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করতে পরিবারকে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে।
মনিদীপা দাসের বক্তব্য, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো ভাতা অনুমোদিত হয়নি। তাঁর দাবি, সরকার যদি দ্রুত দিব্যাঙ্গ ভাতার ব্যবস্থা করে, তাহলে ছেলের চিকিৎসা ও শিক্ষার খরচ চালানো অনেকটাই সহজ হবে। তিনি রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কাছে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর পরিবারটির আবেদন খতিয়ে দেখে দিব্যাঙ্গ শিশুটির ভাতা প্রদানের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।