ধর্মনগর: রেললাইনে ধস এবং সড়কপথে বিভিন্ন স্থানে অবরোধের জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তের যাত্রীরা। এর প্রভাব পড়েছে শিয়ালদহ–সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পরিষেবাতেও। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ধর্মনগর রেল স্টেশনে বহু যাত্রী আটকে পড়েছেন বলে জানা গেছে।
অভিযোগ, গতকাল রাতে শিয়ালদহ থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর পর্যন্ত এসে থেমে যায়। ট্রেনে থাকা আগরতলা, তেলিয়ামুড়া, উদয়পুর, সাব্রুমসহ ত্রিপুরার বিভিন্ন এলাকার যাত্রীরা ধর্মনগরে নেমে পড়লেও পরবর্তী গন্তব্যে পৌঁছানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
অন্যদিকে, ধর্মনগর থেকে ট্রেনটি আজ সকাল প্রায় ১১টার দিকে ফের শিয়ালদহের উদ্দেশে রওনা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দূরদূরান্ত থেকে ধর্মনগরে এসে ট্রেন ধরার অপেক্ষায় থাকা যাত্রীরাও সমস্যায় পড়েন।
একদিকে সড়কপথে অবরোধ ও যোগাযোগের সমস্যা, অন্যদিকে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় কার্যত দুই দিক থেকেই ভোগান্তির শিকার সাধারণ মানুষ। বিশেষ করে দক্ষিণ ও মধ্য ত্রিপুরার যাত্রীরা ধর্মনগরে এসে আটকে পড়ছেন। একইভাবে উত্তর ত্রিপুরার যাত্রীরাও আগরতলা ও দক্ষিণ ত্রিপুরার দিকে যাতায়াতে সমস্যার মুখে পড়েছেন।
ধর্মনগর রেল স্টেশন চত্বরে যাত্রীদের ভিড়ের পাশাপাশি উদ্বেগও দেখা গেছে। শিশু ও বয়স্কদের নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অনেক পরিবারকে।
রেললাইনে ধসের কারণে উত্তরবঙ্গ ও পূর্বাঞ্চলের একাধিক ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত রেলপথে মেরামতের কাজ চলছে। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
যাত্রীদের দাবি, রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পরিবহণের ব্যবস্থা করা হোক এবং যাত্রীদের নিয়মিত ও সঠিক তথ্য জানানো হোক। পাশাপাশি ধর্মনগরে আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের দাবি উঠেছে।