ধর্মনগরে দোকান উচ্ছেদের নির্দেশ আদালতের

ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ এবং বকেয়া অর্থ আদায়ের নির্দেশ দিয়েছে ধর্মনগর সিভিল আদালত।

by Planet Tripura
0 comments 8 views

ধর্মনগর সেন্ট্রাল রোডে দোকান উচ্ছেদের নির্দেশ, আদালতের পরোয়ানায় আদায় হবে ৯৫,৫৬৩ টাকা। বিপাকে বেবসায়ী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর:

ধর্মনগর শহরের ব্যস্ততম সেন্ট্রাল রোডে অবস্থিত একটি দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ এবং বকেয়া অর্থ আদায়ের নির্দেশ দিয়েছে ধর্মনগর সিভিল আদালত। আদালতের জারি করা চূড়ান্ত পরোয়ানায় দোকানঘর খালি করার পাশাপাশি মোট ৯৫ হাজার ৫৬৩ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ধর্মনগরের সিভিল জজ (জুনিয়র ডিভিশন) আদালতে দায়ের হওয়া একটি টাইটেল স্যুট মামলার রায়ের ভিত্তিতে ‘ওয়ারেন্ট ফর পজিশন’ (Warrant for Possession) জারি করা হয়। মামলার বাদী সেন্ট্রাল রোডের বাসিন্দা কোহিনূর রায়।

পরোয়ানা অনুযায়ী, সেন্ট্রাল রোডে অবস্থিত ‘মেসার্স নিউ পাদুকালয়’ নামের ব্যবসা প্রতিষ্ঠানটি খালি করে প্রকৃত মালিক এর কাছে দখল বুঝিয়ে দিতে হবে। আদালতের নথিতে বর্তমান সত্ত্বাধিকারী হিসেবে সুকুমার দেবনাথের নাম উল্লেখ রয়েছে।

আদালতের নির্দেশ অনুসারে, প্রায় ০.০২১ একর জমির ওপর নির্মিত দোকানঘরটি খালি করার পাশাপাশি বকেয়া ভাড়া, সুদ এবং মামলার খরচ বাবদ মোট ৯৫,৫৬৩ টাকা আদায় করা হবে।

আদালতের হিসাব অনুযায়ী—

দোকানের বকেয়া ভাড়া: ৭৮,৫০০ টাকা
মোট সুদ: ৪,৭১০ টাকা
মামলার খরচ: ১২,৩৫৩ টাকা
মোট প্রদেয়: ৯৫,৫৬৩ টাকা

বুধবার আদালতের নির্দেশ কার্যকর করতে নিযুক্ত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দোকানঘরটি তালাবদ্ধ করে দেন এবং আদালতের নোটিশ ঝুলিয়ে দেন। এ সময় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জায়গার মালিক কোহিনূর রায় বলেন, “আইনের প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সত্যের জয় হয়েছে। এজন্য আমি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যাঁরা আমাকে সহযোগিতা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।”

আদালত আরও স্পষ্ট করেছে যে , জারি করা নির্দেশ বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে অথবা আদালতের আদেশ অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্মনগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সংঘটিত এই ঘটনাকে ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, সম্পত্তি ও ভাড়াটিয়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আদালতের এই নির্দেশ ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে।

উল্লেখ্য, মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট ঋষিকেশ নাথ এবং তাঁর সহযোগী আইনজীবীরা। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা

You may also like

Leave a Comment