ধর্মনগর: ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে চা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন। তারই প্রস্তুতি হিসেবে রবিবার দুপুর ১২টায় সিপিআইএম উপ্তাখালি অঞ্চল কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। অনুষ্ঠানে সিআইটিইউ ও সিপিআইএমের নেতৃত্ব এবং স্থানীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সমীরণ দাস ও নিরঞ্জন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি মাখন লাল পাল, উপ্তাখালি অঞ্চল সম্পাদক উজ্জ্বলা দাস-সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক অনিমেষ সাহা এবং ব্লাড ব্যাংকের কর্মী ও টেকনিশিয়ানদের সহযোগিতায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়। এদিন মোট ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
চা শ্রমিক ইউনিয়নের আসন্ন রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত এই মানবিক কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে সাড়া পড়েছে। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।