রামনগর বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে যান রাজ্য কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, নিরপেক্ষ তদন্তের দাবি।
নিজস্ব প্রতিনিধি, আগরতলা:
আগরতলার রামনগরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে রবিবার পৌঁছান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী।নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আশীষ কুমার সাহা গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এই কঠিন সময়ে রাজ্য কংগ্রেস পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা বলেন, রামনগরের এই মর্মান্তিক বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। তদন্তের মাধ্যমে যদি কোনও ব্যক্তি বা সংস্থার গাফিলতি বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
উল্লেখ্য, আগরতলার রামনগর এলাকার একটি বহুতলে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন শুভ্রজিৎ চৌধুরী। পরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। প্রাথমিকভাবে পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) লাইনের গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হলেও চূড়ান্ত কারণ তদন্তের পরই জানা যাবে।রামনগরের এই বিস্ফোরণকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা এবং গ্যাস সংযোগ ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায় নিরূপণের দাবি বিভিন্ন মহল থেকে জোরালো ভাবে উঠছে। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা