Home » Blog » বিলোনিয়া মহকুমা প্রশাসনের বিশেষ অভিযান

বিলোনিয়া মহকুমা প্রশাসনের বিশেষ অভিযান

উদ্ধার মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী, গ্যাস সিলিন্ডার ও পলিব্যাগ

by Planet Tripura
0 comments 28 views

বিলোনিয়া মহকুমা প্রশাসনের অভিযান, উদ্ধার মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী, গ্যাস সিলিন্ডার ও পলিব্যাগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা  : বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় রুটিন চেকিংয়ের অংশ হিসেবে রাজনগর বাজার ও বড়পাথরী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী, অবৈধভাবে বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার এবং নিষিদ্ধ পলিব্যাগ উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিলোনিয়ার ডি.সি.এম সঞ্জয় শীল। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের অন্যান্য কর্মী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা। প্রশাসনের এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। অভিযান চলাকালীন বিভিন্ন দোকান থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতেই সেই সমস্ত খাদ্যপণ্য নষ্ট করে দেওয়া হয়।

এছাড়াও উদ্ধার করা হয়েছে মোট ১৭টি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, যা অবৈধভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। পাশাপাশি ৪৫ কেজি পলিব্যাগ এবং ৪৫ লিটার পেট্রোলও জব্দ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে মোট ৯ জন ব্যবসায়ীর কাছ থেকে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুধু অভিযান নয়, সচেতনতামূলক উদ্যোগও নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। ব্যবসায়ীদের হাতে বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ তুলে দেওয়া হয় এবং সেগুলো ব্যবহারের বিষয়ে প্রচার চালানো হয়। অভিযান শেষে ডি.সি.এম সঞ্জয় শীল জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে রিফাইন্ড ও পরিবেশবান্ধব পলিব্যাগ ব্যবহারে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকেই আরও সচেতন করার উপর গুরুত্ব দেওয়া হবে।

You may also like

Leave a Comment