Home » Blog » নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

উত্তর তালতলার বাসিন্দা চন্দন সরকারের দেহ শনাক্ত, ঘটনায় চাঞ্চল্য—মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

by Mithun Bhowmik
0 comments 4 views
Bamutia-Brick-Kiln-Missing-Youth-Deadbody-Recovered

১৩ দিন ধরে নিখোঁজ এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে বামুটিয়া বাজার সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়ায়। লেফুঙ্গা থানার অন্তর্গত একটি ইটভাট্টা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে মৃতের পরিচয় শনাক্ত করা হয়।

জানা যায়, সিধাই থানাধীন উত্তর তালতলা এলাকার বাসিন্দা প্রায় ২৮ বছর বয়সি চন্দন সরকার গত ১৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাঁর নিখোঁজের বিষয়ে সিধাই থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল বলে জানা গেছে।

সোমবার সকালে বামুটিয়া বাজার এলাকার একটি ইটভাট্টা থেকে দুর্গন্ধ ছড়ানোর পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে সেখানে ঝুলন্ত অবস্থায় একটি মৃতদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা দেহটি চন্দন সরকারের বলে শনাক্ত করেন।

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর থানায় মিসিং ডায়েরি করা হলেও তাঁকে খুঁজে বের করার ক্ষেত্রে প্রত্যাশিত তৎপরতা দেখা যায়নি। তবে পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানার বক্তব্য জানা যায়নি।

মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তির জেরে চন্দন সরকার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও বিষয়টি তদন্তসাপেক্ষ। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

You may also like

Leave a Comment