Home » Blog » রোহিতদের দাপটে আফগানিস্তান হোয়াইটওয়াশ

রোহিতদের দাপটে আফগানিস্তান হোয়াইটওয়াশ

আফগানিস্তানকে ৯ উইকেটে উড়িয়ে সিরিজ ক্লিন সুইপ ভারতের

by Planet Tripura
0 comments 45 views

প্রসিদ্ধের পঞ্চবাণের পর এবার যশস্বীর রাজকীয় সেঞ্চুরি, ৯ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া।

বিশেষ সংবাদদাতা, চেন্নাই: আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে ‘ক্লিন সুইপ’ সম্পূর্ণ করল ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ় আগেই পকেটে পুরেছিল রোহিত শর্মার দল। রবিবার চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে আফগানিস্তান কে ৯ উইকেটে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট এবং পরে ব্যাট হাতে যশস্বী জয়সওয়ালের অপরাজিত ১১০ ও অধিনায়ক রোহিত শর্মার ঝোড়ো বেগে ৭৯ রানের ওপর ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় ভারতীয় ক্ৰিকেট দল।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। কিন্তু চেন্নাইয়ের পিচে ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণের বলের আগুনে স্পেলের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান । ম্যাচের প্রথম ১০ ওভারের মধ্যেই ৪টি উইকেট তুলে নিয়ে আফগান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন প্রসিদ্ধ। এক সময় তাঁর বোলিং ফিগার ছিল ৫-২-৬-৪। রহমানুল্লাহ গুরবাজ় (৫), ইব্রাহিম জ়াদরান (১১), রহমত শাহ (৫) এবং দারউইশ রসুলি (১) দ্রুত ফিরে গেলে মাত্র ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে সফরকারী দল।

সেখান থেকে দলকে টেনে তোলার লড়াই শুরু করেন অধিনায়ক শাহিদি এবং আজ়মাতুল্লাহ ওমরজ়াই। পঞ্চম উইকেটে দু’জনে মিলে ১০৫ রানের পার্টনারশিপ গড়ে তুলেন । আইপিএল খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওমরজ়াই ৫৬ বলে ৫০ রান করে আউট হলেও, অন্য প্রান্ত কামড়ে পড়ে থাকেন শাহিদি। ৪৪তম ওভারে ওয়াশিংটন সুন্দরকে বাউন্ডারি মেরে ওয়ানডে ক্রিকেটে নিজের লড়াকু শতরান পূর্ণ করেন আফগান অধিনায়ক। শেষ পর্যন্ত ১০২ রান করে সেই প্রসিদ্ধ কৃষ্ণের বলেই শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দেন তিনি। আফগানিস্তানের ইনিংস শেষ হয় ২১৮ রানে। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ একাই নেন ৫টি উইকেট নিয়েছেন । আফগানিস্তান: ৪৪.৪ ওভারে ২১৮/১০ (শাহিদি ১০২, ওমরজ়াই ৫০; প্রসিদ্ধ ৫/৫১)  ভারত: ৩১.৩ ওভারে ২২২/১ (যশস্বী ১১০ অপরাজিত, রোহিত ৭৯, শ্রেয়স ২০ অপরাজিত; ফরিদ ১/৪৫) ফলাফল : ভারত ৯ উইকেটে জয়ী ও সিরিজ় ৩-০ ব্যবধানে জয়ী হন ।

২১৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় ওপেনাররা আফগান বোলিং আক্রমণকে নিয়ে কার্যত ছেলে খেলা করেন। শুরু থেকেই মারকুটে মেজাজে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে ফরম্যাটে নিজের চেনা ছন্দে ফিরে ৯টি চার ও ৩টি ছয়ের সাহায্যে মাত্র ৬৯ বলে ৭৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন ‘হিটম্যান’। প্রথম উইকেটে রোহিত-যশস্বী জুটি স্কোরবোর্ডে ১৭০ রান যোগ করে ভারতের জয় নিশ্চিত করে দেন।

রোহিত আউট হওয়ার পর বাকি কাজটা সারেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ওয়ানডে ক্রিকেটে নিজের জাত চিনিয়ে ৮৬ বলে ১১০ রানের এক অনবদ্য ও অপরাজিত শতরান করেন তিনি। তাঁর এই রাজকীয় ইনিংসে ছিল ১৪টি চার এবং ৩টি ছক্কা। তিন নম্বরে নেমে ২০ রানে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার। এই জয়ের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ় জিতে আফগানিস্তানকে চুনকাম করার বৃত্তটি সম্পূর্ণ করল রাহুল দ্রাবিড়ের ছাত্ররা। ভারতের এই জয়ে খুশির আমেজে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

You may also like

Leave a Comment