Home » Blog » রাহুল গান্ধীর জন্মদিনে বৃক্ষরোপন, মোদী সরকারকে নিশানা

রাহুল গান্ধীর জন্মদিনে বৃক্ষরোপন, মোদী সরকারকে নিশানা

রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে যুব কংগ্রেস রাজ্যজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

by Planet Tripura
0 comments 305 views

রাহুল গান্ধীর জন্মদিনে রাজ্যজুড়ে ১,০০০ চারাগাছ রোপণ যুব কংগ্রেসের, পরিবেশ ইস্যুতে মোদী সরকারকে নিশানা নীল কমল সাহা

আগরতলা, ১৯ জুন: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাজ্যজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার বার্তা নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুব কংগ্রেসের দাবি, এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ১,০০০টি চারাগাছ রোপণ করা হয়েছে। রাজধানী আগরতলাসহ বিভিন্ন জেলায় সংগঠনের কর্মী-সমর্থকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা বলেন, “আমরা শুধুমাত্র একটি জন্মদিন উদযাপন করতে আসিনি। প্রকৃতি ও পরিবেশের প্রতি যুব কংগ্রেসের দায়বদ্ধতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

তবে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পরিবেশ নীতিরও কড়া সমালোচনা করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীল সাহা অভিযোগ করেন, কর্পোরেট স্বার্থে দেশের বনাঞ্চল ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হচ্ছে। তাঁর দাবি, উন্নয়নের নামে দেশের গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চলগুলিকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে চলমান ‘গ্রেট নিকোবর প্রজেক্ট’-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ধরনের বৃহৎ প্রকল্পের ফলে বনাঞ্চল ধ্বংস এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব ভবিষ্যতে দেশের জলবায়ু ও জীববৈচিত্র্যের উপর পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পরিবেশ ইস্যুর পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও কেন্দ্রকে আক্রমণ শানান যুব কংগ্রেস সভাপতি। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তিনি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

নীল সাহার বক্তব্য, “দেশের যুব সমাজ আজ নানা সমস্যার মুখোমুখি। বেকারত্ব ও দুর্নীতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সাধারণ মানুষকে এই বিষয়গুলির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হতে হবে।”

রাজনৈতিক মহলের মতে, রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধেও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে যুব কংগ্রেস।

এখন দেখার বিষয়, পরিবেশ ও জনস্বার্থের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে যুব কংগ্রেসের এই প্রচারাভিযান আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে সক্ষম হয়।

You may also like

Leave a Comment