Home » Blog » অনলাইনে ওষুধ বিক্রি, শান্তিরবাজারে কেমিস্টদের ধর্মঘট

অনলাইনে ওষুধ বিক্রি, শান্তিরবাজারে কেমিস্টদের ধর্মঘট

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে শান্তিরবাজারে কেমিস্টদের ধর্মঘট

by Planet Tripura
0 comments 181 views

অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদ: প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে শান্তিরবাজারে কেমিস্টদের ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২০ মে: অনলাইনে বেআইনি ওষুধ বিক্রি, ভুয়ো প্রেসক্রিপশনের মাধ্যমে হোম ডেলিভারি এবং ‘প্রেডেটরি ডিসকাউন্ট’ বা অন্যায্য ছাড়ের প্রতিবাদে আজ, বুধবার দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলেন কেমিস্ট ও ড্রাগিস্টরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)-এর ডাকে সাড়া দিয়ে ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার সমস্ত ওষুধের দোকানও এদিন সম্পূর্ণ বন্ধ ছিল।

অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের শান্তিরবাজার মহকুমা কমিটির আহ্বানে সকাল থেকেই মহকুমার শান্তিরবাজার, বাইখোরা, মনু বাজার ও জোলাই বাড়ি এলাকার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ধর্মঘটের জেরে সাধারণ মানুষ ও রোগীরা সাময়িক অসুবিধায় পড়লেও, সংগঠনের দাবি— জরুরি ও জীবনদায়ী ওষুধের পরিষেবা সম্পূর্ণ চালু রাখা হয়েছিল।

ধর্মঘট চলাকালীন সংগঠনের একটি প্রতিনিধি দল শান্তিরবাজার মহকুমা শাসকের (SDM) মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিন দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করে।

“ওষুধ সাধারণ পণ্য নয়”: কেমিস্ট সংগঠন

শান্তিরবাজার মহকুমা কমিটির সভাপতি প্রিয়লাল ভৌমিক ও সম্পাদক সুশেন বৈদ্য এক যৌথ বিবৃতিতে অনলাইন ফার্মেসিগুলোর তীব্র সমালোচনা করেন। তারা বলেন:

“ওষুধ কোনো মুড়ি-মুড়কি নয় যে কোনো যাচাই-বাছাই ছাড়াই অনলাইনে বিক্রি করা হবে। এর ফলে জনস্বাস্থ্য এবং রোগীর জীবন মারাত্মক হুমকির মুখে পড়ছে। প্রচলিত ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে এই অনলাইন ব্যবসা চালানো হচ্ছে। সরকার যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তবে দেশের প্রায় ৯ লক্ষ ছোট কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়বেন।”

সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব AIOCD-র দাবি, অনলাইনে ওষুধ বিক্রির আড়ালে দেশজুড়ে একটি সমান্তরাল বেআইনি বাজার তৈরি হয়েছে, যা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। শান্তিরবাজার মহকুমা কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের এই ন্যায্য দাবিগুলো মানা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

You may also like

Leave a Comment