পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন কচুছড়া এলাকার স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে কলসি ও বালতি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় চরম পানীয় জলের সংকট চলছে। বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। বাধ্য হয়েই এদিন রাস্তা অবরোধের পথে হাঁটেন তারা।
অবরোধের জেরে আমবাসা থেকে কমলপুর সংযোগকারী কচুছড়া সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী ও সাধারণ পথচারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেও দীর্ঘ সময় ধরে পরিস্থিতি উত্তপ্ত ছিল।
স্থানীয়দের দাবি, অবিলম্বে এলাকায় নিয়মিত পানীয় জলের ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।